Sunday, 12 August 2018

কুরআন সুরা--৪ নিসা-- ২৬ থেকে ৩০ আয়াত

      বিশ্বমানব শিক্ষায় পবিত্র কুরআনের আলো। [ সুরা—৪ নিসা—২৬ থেকে ৩০ আয়াত।]
  ২৬) আল্লাহ্‌ ইচ্ছা করেন তোমাদের পূর্ববর্তীদের কথা তোমাদের নিকট বিশদভাবে বিবৃত করতে, হিতাহিত নির্দেশ দিতে এবং তোমাদেরকে ক্ষমা করতে। বস্তুত আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
   মর্মার্থঃ—নিজেদের পূর্ববর্তীদের ভাল ও সৎ কর্মের ইতিহাস মানুষ যত জানবে ততই তাদের ভাল ও সৎ কর্ম করার প্রতি উৎসাহ বেড়ে যাবে। হিতাহিত জ্ঞানের কথা না জানলে মানুষ হিতাহিত জ্ঞান শুন্য হয়ে কেবল অন্যায় কাজ কর্মের দিকেই ধাবিত হয়। তাই উপদেশ মানুষের জীবনকে মহৎ করে তুলতে পারে, যদি মানুষ সৎ উপদেশকে মান্য করে ক্ষমার দিকে এগিয়ে যায়। মানুষের অন্তরের আল্লাহ্‌ ক্ষমাশীল, সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় তাই মানুষ অতি সহজে তাঁকে বিশ্বাস করে এইসব গুণে গুণী হয়ে উঠতে পারে।
      ২৭) আল্লাহ্‌ তোমাদেরকে ক্ষমা করতে চান, আর যারা কামনা বাসনার অনুসারী তারা চায় যে, তোমরা ভীষণভাবে পথচ্যুত হও।
        মর্মার্থঃ--- জ্ঞানীরা মানুষকে জ্ঞানের পথেই টেনে নিয়ে যেতে চায়, আর যারা অজ্ঞানী কামনা- বাসনার বশবর্তী হয়ে চলে তারা মানুষকে সেই পথ দেখিয়েই ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায় নিজেদের স্বার্থে। জ্ঞানীরা আল্লাহ্‌র বার্তাবাহক ও অজ্ঞানীরা শয়তানের বার্তাবাহক।
      ২৮) আল্লাহ্‌ তোমাদের ভার লঘু করতে চান, মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল।
     মর্মার্থঃ—মানুষ যত নিজের আল্লাহ্‌র উপর নির্ভরশীল হবে ততই তাঁর অন্তরে জ্ঞানের বাতি প্রজ্বলিত হতে থাকবে এবং মাথা থেকে ভার কমতে থাকবে। মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল, তাই সামান্য ঘাত- প্রতিঘাত এলেই তারা মূষরে পড়ে। সেজন্যই একমাত্র জ্ঞানই তাদের অন্তরের ও বাইরের জগতের দুর্বলতাকে দূর করতে পারে।
       ২৯) হে বিশ্বাসীগণ! তোমরা একে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না; কিন্তু তোমাদের পরস্পর রাজি হয়ে ব্যবসা করা (বৈধ)। এবং নিজেদের হত্যা করো না; নিশ্চয় আল্লাহ্‌ তোমাদের প্রতি পরম দয়ালু।
       মর্মার্থঃ—পরম দয়ালু আল্লাহ্‌র আশ্রয়ে বাস করে যারা নিষ্ঠুর হয়ে হত্যা হানাহানির জগতে বিরাজ করে, তারা অজ্ঞ, পাষণ্ড ও অন্যায়কারীদের দলভুক্ত। বিশ্বাসীরা কখনো অন্যের সম্পত্তির দিকে চেয়েও দেখে না অন্যায়ভাবে গ্রাস করা তো অনেক দূরের কথা। বিশ্বাসীরা পরস্পরের চুক্তির ভিত্তিতে বৈধভাবে নিজের সম্পত্তি নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে, তাতে সকলের মঙ্গল।
         ৩০) এবং যে কেউ সীমালঙ্ঘন করে অন্যায়ভাবে তা (হত্যা) করবে, আমি অবশ্যই তাকে আগুনে দগ্ধ করব; এবং তা আল্লাহ্‌র পক্ষে সহজসাধ্য।
     মর্মার্থঃ—ক্ষমার জগতে না গিয়ে যারা সীমালঙ্ঘন করে অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে তাদেরকে তাদের আল্লাহ্‌ আগুনে দগ্ধ করবেন এবং এই কাজ তাঁর পক্ষে সহজসাধ্য। মানুষ সীমালঙ্ঘন করে প্রচুর সম্পদের মালিক হতে পারে কিন্তু জীবন সত্যজ্ঞানের মালিক হতে পারে না। আল্লাহ্‌ সীমালঙ্ঘনকারীদের জ্ঞান দান করেন না, আর জ্ঞান না থাকলে কেউ আত্মরক্ষার উপায় জানবে না, তাকে আগুনে দগ্ধ হতেই হবে।
      জয় বিশ্বমানব শিক্ষা ও পবিত্র কুরআনের আলোর জয়।

No comments:

Post a Comment