বিশ্বমানব
শিক্ষায় পবিত্র কুরআনের আলো। [ সুরা—৪ নিসা—১৩৬ থেকে ১৪০ আয়াত।]
১৩৬) হে
বিশ্বাসীগণ! তোমরা আল্লাহ্কে, তাঁর রসূলে, তিনি যে কিতাব তাঁর রসূলের প্রতি
অবতীর্ণ করেছেন তাতে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস কর; আর
যে কেউ আল্লাহ্, তাঁর ফিরিশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রসুলগণ এবং পরকালকে
অবিশ্বাস করবে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে যাবে।
মর্মার্থঃ—মানুষকে জ্ঞানের রাজত্বে যাবার জন্য প্রথম নিজের স্রষ্টাকে,
দ্বিতীয় তাঁর অধীনের দেব- দেবীদের অর্থাৎ ফিরিশতাদের, তৃতীয় সমস্ত ধর্মগ্রন্থ,
চতুর্থ তাঁর সমস্ত রসূলগণকে এবং পরকাল অর্থাৎ মৃত্যুর পরে নবজন্মকে বিশ্বাস করতে
হবে, নচেৎ কেউ আল্লাহ্র জ্ঞানের রাজত্বের হদিশ পেতে পারে না। যারা এগুলোকে
অবিশ্বাস করে তারা জীবনে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
১৩৭) যারা বিশ্বাস করার পর অবিশ্বাস করে, আবার
বিশ্বাস করে, এবং আবার অবিশ্বাস করে, অতঃপর তাদের অবিশ্বাস প্রবৃত্তি বৃদ্ধি পায়,
আল্লাহ্ তাদের কিছুতেই ক্ষমা করবেন না, এবং তাদের কোন পথও দেখাবেন না।
মর্মার্থঃ—যারা দু-নৌকায় পা দিয়ে চলে তাদের জীবন দোদুল্যমান অবস্থায় থাকে। তারা
কোন পথকেই বিশ্বাস করতে পারে না, তাই তাদের অবিশ্বাস প্রবৃত্তি চক্রবৃদ্ধি হারে
বৃদ্ধি পেতে থাকে। আল্লাহ্ তাদেরকে কিভাবেই বা ক্ষমা করবেন আর কিভাবেই বা সঠিক
পথের সন্ধান দিবেন?
১৩৮) মুনাফিকদের শুভ সংবাদ দাও যে, তাদের জন্য
রয়েছে কঠিন শাস্তি।
মর্মার্থঃ—যারা প্রতারক হয়ে ধর্মের নামে অধর্মের প্রচার করে ফয়দা লুটে,
নিজে অবিশ্বাসী হয়ে অপরকে বিশ্বাসী হবার কথা বলে, তারাই মুনাফিক বা কপট নামে
পরিচিত। আল্লাহ্র তরফ থেকে এদের কপালে কঠিন শাস্তি রয়েছে।
১৩৯) যারা
বিশ্বাসীদের পরিবর্তে অবিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করে, তারা কি তাদের নিকট
সম্মানের আশা করে? সমস্ত সম্মান তো আল্লাহ্রই।
মর্মার্থঃ—আল্লাহ্
ব্যতিরেকে যারা অন্য কাউকে বন্ধু ভাবে তাদের শত্রুর অভাব নেই এই জগত সংসারে। তাই
তাদেরকে সদায় মান- অপমানের ভয়ে লজ্জিত হয়ে সত্য-মিথ্যার উপর ভর দিয়ে চলতে হয়।
১৪০) আর
তিনি কিতাবে তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন যে, যখন তোমরা শুনবে, আল্লাহ্র কোন
আয়াত প্রত্যাখ্যাত হচ্ছে এবং তাকে বিদ্রূপ করা হচ্ছে, তখন যে পর্যন্ত তারা অন্য
প্রসঙ্গে লিপ্ত না হয় তোমরা তাদের সাথে বসো না, নতুবা তোমরাও তাদের মত হয়ে যাবে।
কপট ও অবিশ্বাসী সকলকেই আল্লাহ্ জাহান্নামে একত্র করবেন।
মর্মার্থঃ—যারা
আল্লাহ্র বাক্যকে অবহেলা করে স্বল্প মূল্যে ক্রয়- বিক্রয় করছে, তাদের আসরে থাকবে
না। যদি থাকো তবে তোমরাও তাদের মতো অবিশ্বাসী হয়ে জ্ঞানহারা পথিক হয়ে যাবে। কপট ও
অবিশ্বাসীদের মধ্যে কোন পার্থক্য নেই, উভয়েই জাহান্নামী, তারা জাহান্নামে নিজের
সাথীদের একত্রিত করার জন্য কাজ করে চলেছে।
জয় বিশ্বমানব
শিক্ষা ও পবিত্র কুরআনের আলোর জয়।


No comments:
Post a Comment