Tuesday, 14 August 2018

কুরআন সুরা--৪ নিসা-- ৪১ থেকে ৪৫ আয়াত

     বিশ্বমানব শিক্ষা ও পবিত্র কুরআনের আলো। [ সুরা—৪ নিসা—৪১ থেকে ৪৫ আয়াত।]
  ৪১) তখন তাদের কী অবস্থা হবে যখন প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী (নবী) উপস্থিত করব এবং তোমাকেও তাদের সাক্ষীরূপে উপস্থিত করব?
      মর্মার্থঃ--- মানুষ ভাল- মন্দ যে কাজই করুক না কেনো তার একজন সাক্ষী থেকে যায় অন্তরে, যাতে সে সেইসব কাজের কথা যথা সময়ে মনে করিয়ে দিতে পারে। সাক্ষীকে অবহেলা করে যারা কাজ করে তাদের বিরুদ্ধে সাক্ষী উপস্থিত হয়ে সত্যের প্রকাশ ঘটায়। মানুষের মনের কাজের সাক্ষী তার বিবেক, যে সবায় তার সাথে আলোক বর্তিকা হয়ে থাকে।
      ৪২) যারা অস্বীকার করেছে এবং রসূলের অবাধ্য হয়েছে তারা সেদিন মাটির সাথে মিশে যেতে কামনা করবে! এবং তারা (সেদিন) আল্লাহ্‌ হতে কোন কথাই গোপন করতে পারবে না।
       মর্মার্থঃ—যারা সত্যকে অস্বীকার করে কাজ করে এবং নিজের বিবেককে বর্জিত করে রসূলের অবাধ্য হয়, তারা নিজের অন্যায় কাজ কর্মের জন্য লজ্জায় মাটির সাথে মিশে যাবার কামনা করবে, এখানে কোন কিছুই কারো গোপন করে রাখার উপায় থাকে না, আল্লাহ্‌ সবার চরিত্রের সবকিছুই জানেন, তা ছবি সহ প্রকাশ করে দেখাবেন, প্রমাণ সহ।
     ৪৩) হে বিশ্বাসীগণ! তোমরা নেশার অবস্থায় নামাযের নিকটবর্তী হয়ো না, যতক্ষণ না তোমরা স্নান কর। আর যদি তোমরা পীড়িত হও অথবা সফরে (প্রবাসে) থাক অথবা তোমাদের কেউ পায়খানা (শৌচস্থান) হতে আসে অথবা তোমরা নারী সম্ভোগ কর এবং পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুব করবে এবং (তা) মুখ ও হাতে বুলিয়ে নেবে। নিশ্চয় আল্লাহ্‌ মার্জনাকারী, ক্ষমাশীল।  
      মর্মার্থঃ—পবিত্রতায় মানুষের ধর্ম। অন্তর্জগৎ ও বহির্জগৎ পবিত্র রেখেই নামায়ের জগতে অবস্থান করবে। আল্লাহ্‌কে মার্জনাকারী ও ক্ষমাশীল জেনে নিজের অন্তরে তাঁকে ধরে রেখে জীবনকে সুন্দর রূপে গড়ে তুলবে।
     ৪৪) তুমি কি তাদের দেখনি যাদেরকে কিতাবের ( আসমানী কিতাবের) এক অংশ দেয়া হয়েছিল? তারা ভ্রান্ত পথ ক্রয় করে, এবং তারা চায় তোমরাও পথভ্রষ্ট হও।
      মর্মার্থঃ—ঐশী কিতাবের নাম করে এক শ্রেণির মানুষ মানব সমাজকে পথভ্রষ্ট করতে তৎপর। তারা প্রকৃতই ভ্রান্ত পথ ক্রয় করে তা বিক্রয় করে চলেছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। তারা চাই সত্যমুখী মানুষরাও তাদের পথে যোগ দিক দলভারী করার জন্য।
      ৪৫) বস্তুত আল্লাহ্‌ তোমাদের শত্রুদের ভালভাবে জানেন। আর অভিভাবক হিসাবে আল্লাহ্‌ই যথেষ্ট এবং সাহায্যেও আল্লাহ্‌ই যথেষ্ট।
     মর্মার্থঃ—আল্লাহ্‌ ভালভাবেই জানেন কে বা কারা তাঁর পথের কাঁটা বা শত্রু। তাই সৎ কর্ম অনুসারীদের কেবল তাঁর উপর ভরসা রেখে পথ চলা উচিত। তিনিই তাদের অভিভাবক ও সাহায্যকারী।
     জয় বিশ্বমানব শিক্ষা ও পবিত্র কুরআনের আলোর জয়।

No comments:

Post a Comment