Tuesday, 4 September 2018

কুরআন সুরা--৫ মায়িদাহ-- ১১১ থেকে ১১৫ আয়াত

       বিশ্বমানব শিক্ষায় পবিত্র কুরআনের আলো। [ সুরা—৫ মায়িদাহ—১১১ থেকে ১১৫ আয়াত।]
   ১১১)  আরও স্মরণ কর, আমি যখন হাওয়ারীদের এ প্রেরণা দিয়েছিলাম যে, তোমরা আমার প্রতি ও আমার রসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর। তারা বলেছিল, আমরা বিশ্বাস করলাম এবং তুমি সাক্ষী থাক যে, আমরা আত্মসমর্পণকারী।
     মর্মার্থঃ—অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন করার জন্য মানব জাতিকে আল্লাহ্‌  প্রেরণা দিয়ে থাকেন বিভিন্নভাবে। সেই প্রেরণা অনুযায়ী আল্লাহ্‌র সান্নিধ্যে এসে মানুষ যত নিজেকে তাঁর কাছে আত্মসমর্পণ করবে ততই তাঁর অদৃশ্য শক্তির খেলা দুনিয়া ব্যাপী চলছে,  তা মানুষ দেখতে পাবে ও উপলব্ধি করতে পারবে। হাওয়ারীগণ নিজেদের আত্মসমর্পণ করে আল্লাহ্‌র সহচর হয়ে গিয়েছিল এবং তাঁর লীলা দেখার সৌভাগ্য লাভ করেছিল। হাওয়ারী বলতে এখানে এক শ্রেণির সাধক দলকে বলা হয়েছে।
     ১১২) স্মরণ কর, হাওয়ারীগণ বলেছিল, হে মারইয়াম পুত্র ঈসা! তোমার প্রতিপালক কি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য পরিপূর্ণ খাঞ্চা প্রেরণ করতে সক্ষম? সে বলেছিল, আল্লাহ্‌কে তোমরা ভয় কর, যদি তোমরা বিশ্বাসী হও।
      মর্মার্থঃ—আল্লাহ্‌কে ভয় করে অন্তর্জগতের ও বহির্জগতের কামনা বাসনা থেকে মুক্ত থাকতে হয় সাধকদের। হাওয়ারীগণ আল্লাহ্‌র শক্তি পরীক্ষার জন্য ঈশাকে আকাশ থেকে খাদ্য পরিপূর্ণ খাঞ্চা প্রেরণ করার কথা বলেন। যারা আল্লাহ্‌র নিকট নিজেকে সমর্পণ করেছে তাদের এই রূপ দাবী সমর্থন যোগ্য নয়। আল্লাহ্‌ তো তাঁর বান্দাদের অন্তরের সব কথা জানেন এবং অভাব সম্পর্কেও অবগত। তাই তিনিই সব কিছুর ব্যবস্থা করবেন।
           ১১৩) তারা বলেছিল, আমাদের ইচ্ছা করে যে, তা থেকে কিছু আমরা খাব ও আমাদের চিত্ত সান্ত্বনা লাভ করবে। আর আমরা জানতে চাই যে, তুমি আমাদের সত্য বলেছ এবং আমরা তার সাক্ষী থাকতে চাই।
     মর্মার্থঃ—আল্লাহ্‌ বা তাঁর রসূলকে পরীক্ষা করতে গেলে সাধকদেরকেও অনেক পরীক্ষার মধ্যে পড়তে হয়। আল্লাহ্‌ বা তাঁর রসূলদেরকে সাধকরা পরীক্ষার মধ্যে ফেললে তাঁদের ক্ষেত্রে উত্তীর্ণ হওয়া খুবই সহজ কিন্তু সাধকরা তাঁদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কি?
       ১১৪) মারইয়াম পুত্র ‘ ঈশা বলল, হে আল্লাহ্‌, আমাদের প্রতিপালক! আমাদের জন্য আকাশ থেকে খাদ্যপূর্ণ খাঞ্চা প্রেরণ কর, এ হবে আমাদের ও আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য তোমার নিকট থেকে নিদর্শন এবং আনন্দোৎসব স্বরূপ। এবং আমাদের জীবিকা দান কর, আর তুমিই তো শ্রেষ্ঠ জীবিকাদাতা।
     মর্মার্থঃ—মারইয়াম পুত্র ঈশা প্রার্থনা করা মাত্র আল্লাহ্‌র করুণা বর্ষিত হতে লাগলো । এটা সাধকদের জন্য নিদর্শন ও আনন্দোৎসব স্বরূপ।
        ১১৫) আল্লাহ্‌ বললেন, নিশ্চয় আমি তোমাদের নিকট তা প্রেরণ করব, কিন্তু এরপরও তোমাদের মধ্যে কেউ অবিশ্বাস করলে তাকে এমন শাস্তি দেব, যে শাস্তি বিশ্বজগতের অপর কাউকেও দেব না।
     মর্মার্থঃ- আল্লাহ্‌ নিজ বান্দাদের কাছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন, সেই সাথে তাদের সকলকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে চরম শাস্তির কথা ঘোষণা করলেন।
       জয় বিশ্বমানব শিক্ষা ও পবিত্র কুরআনের জয় ।

No comments:

Post a Comment