Thursday, 13 September 2018

কুরআন সুরা--৬ আন'আম ৬১ থেকে ৬৫ আয়াত

      বিশ্বমানব শিক্ষায় পবিত্র কুরআনের আলো। [ সুরা—৬ আন’আম—৬১থেকে ৬৫ আয়াত।]
   ৬১) তিনিই স্বীয় বান্দাগণের উপর পরাক্রমশালী এবং তিনিই তোমাদের রক্ষক প্রেরণ করেন। অবশেষে যখন তোমাদের কারও মৃত্যুকাল উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায় এবং তারা কোন ত্রুটি করে না।
      মর্মার্থঃ--- আল্লাহ্‌ প্রত্যেকের সাথে থাকেন নিজের পরাক্রমশালী ভাব নিয়ে, তাই যখন যার ক্ষেত্রে যেমন রক্ষক প্রয়োজন মনে করেন, তখনি তা প্রেরণ করে তাকে রক্ষা করেন অদৃশ্যশক্তিবলে। অবশেষে মৃত্যুকাল উপস্থিত হলে তাঁর নির্দেশ মতো তাঁরই প্রেরিতরা কোন প্রকার ভুল না করে তার মৃত্যু ঘটায়। তাই যার যখন মৃত্যু আসবে তখনি তাকে তাঁর প্রেরিতদের সাথে যেতেই হবে।
     ৬২) অতঃপর তাদের প্রকৃত প্রতিপালকের দিকে তারা প্রত্যানীত হয়। দেখ, কর্তৃত্ব তো তাঁরই এবং হিসাব গ্রহণে তিনিই সর্বাপেক্ষা তৎপর।
       মর্মার্থঃ—স্থুলদেহ ত্যাগ করে সুক্ষদেহে সকলকেই ফিরে যেতে হয় নিজ নিজ সাধন ধামের প্রতিপালকের কাছে। হিসাব গ্রহণে তিনি এতই বেশী তৎপর যে, কে কোথায় গিয়ে আশ্রয় নিবে দেহত্যাদের পরে সাথে সাথে তা স্থির হয়ে যায়।
       ৬৩) বল, কে তোমাদেরকে ত্রাণ করে যখন তোমরা স্থলভাগের ও সমুদ্রের বিপদে কাতরভাবে এবং গোপনে তাঁর নিকট অনুনয় কর? আমাদের এ হতে ত্রাণ করলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব।
      মর্মার্থঃ—স্থলভাগে, সমুদ্রে ও অন্তরীক্ষের যে কোন জায়গায় মানুষের বিপদকাল উপস্থিত হতে পারে যেকোন মুহূর্তে। সেই সব জায়গায় বিপদ থেকে উদ্ধার কর্তা একমাত্র আল্লাহ্‌। এই বিপদকালে কাতরভাবে এবং গোপনে সকলেই তার প্রতিপালকের শরণাপন্ন হয়। তারপর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে ভুলে যায় নিজের প্রতিপালককে, এটাই কি মানুষের কৃতজ্ঞতার শিক্ষা?
 ৬৪) বল, আল্লাহ্‌ই তোমাদেরকে তা থেকে এবং সমস্ত দুঃখকষ্ট থেকে ত্রাণ করেন। এতদসত্ত্বেও তোমরা তাঁর শরিক স্থাপন কর।
       মর্মার্থঃ—আল্লাহ্‌ সর্বজ্ঞ হয়ে সবার অন্তরের কথা জানেন এবং যারাই তাঁর শরণাপন্ন হয়, তাদের তিনি সমস্ত দুঃখকষ্ট থেকে মুক্ত করেন। তারপরেও যদি তারা কামনা- বাসনার দ্বারা আল্লাহ্‌র পরিবর্তে এই জগতের সম্পদকেই শরিক করে তবে তো তারা অকৃতজ্ঞ।
      ৬৫) বল, তোমাদের ঊর্ধ্বদেশ অথবা তলদেশ হতে শাস্তি প্রেরণ করতে, তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করতে এবং এক দলকে অপর দলের নিপীড়নের আস্বাদ গ্রহণ করাতে তিনিই সক্ষম। দেখ আমি, কিরূপে বিভিন্ন প্রকারে আয়াত বিবৃত করি যাতে তারা অনুধাবন করে।
    মর্মার্থঃ--- আল্লাহ্‌ মানুষকে তাঁর কর্মের মাধ্যমে শিক্ষা দিয়ে চলেছেন। তাঁর শাস্তি কিভাবে আকাশ- পাতাল থেকে নেমে আসে, কেবল মানুষকে শিক্ষা দিয়ে আত্মারক্ষা কিভাবে করতে হয় তা জানাবার জন্য। একদল মানুষের দ্বারা অপর দল মানুষকেও নিপীড়িত করানো হয় কেবল তাঁদেরকে সৎ শক্তি নিয়ে জাগিয়ে তোলার জন্য। আল্লাহ্‌ নিজের সহজ সরল কথা বিভিন্ন ধর্মগ্রন্থে তুলে ধরেন কেবল লোকশিক্ষার জন্য, যাতে মানুষ অনুধাবন করতে সক্ষম হয় তাঁর লীলাখেলা।
   জয় বিশ্বমানব শিক্ষা ও পবিত্র কুরআনের আলোর জয়।

No comments:

Post a Comment