বিশ্বমানব
শিক্ষায় পবিত্র কুরআনের আলো। [ সুরা—৬ আন’আম—৬৬ থেকে ৭০ আয়াত।]
৬৬) তোমার সম্প্রদায় তো ওকে মিথ্যা বলেছে অথচ তা
সত্য, বল, আমি তোমাদের কার্যনির্বাহক নই।
মর্মার্থঃ—সত্যকে মিথ্যা বলে মানুষ মানুষকে চিরকাল এক বিভ্রান্তির মধ্যে
ফেলার চেষ্টা চালিয়ে যায়। যারা এই সত্য জানে তারা এই মিথ্যাবাদীদের মিথ্যা
অতিসহজেই ধরতে পারে এবং তাদেরকে তাদের পথ ধরে চলতে বলে নিজেরা তফাতে চলে যায়, কারণ
কেউ কারোও কার্যনির্বাহক নয়। নিজের কাজের দায়িত্ব নিজেকেই নিতে হয়।
৬৭) প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত কাল রয়েছে
এবং শীঘ্রই তোমরা অবহিত হবে।
মর্মার্থঃ—আল্লাহ্র
নিকট থেকে অবতীর্ণ হওয়া বার্তা একটাও নিরর্থক নয়, প্রত্যেকটি বার্তা কার্যকরী রূপ
পাবার একটি নির্দিষ্ট সময় আছে। গাছ লাগিয়ে কেউ যদি সেই গাছের কাছে সাথে সাথে ফল
চায়, তবে কি সেই গাছ ফল দিবে? সময়ে সকলেই সত্যের রূপ দেখতে পাবে।
৬৮) তুমি যখন দেখ, তারা আমার নিদর্শন সম্বন্ধে
নিরর্থক আলোচনায় মগ্ন হয়, তখন তুমি দূরে সরে যাবে, যে পর্যন্ত না তারা অন্য
প্রসঙ্গে প্রবৃত্ত হয় এবং শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে তবে স্মরণ হওয়ার পরে
অত্যাচারী সম্প্রদায়ের সাথে বসবে না।
মর্মার্থঃ—কেউ
যখন আল্লাহ্ প্রেরিত আয়াত নিয়ে বা তাঁর নিদর্শন নিয়ে নিরর্থক আলোচনায় মগ্ন থাকে
তখন জ্ঞানীরা সেই আলোচনা থেকে দূরে সরে যায়। শয়তান চেষ্টা করে জ্ঞানীদেরকেও
পথভ্রষ্ট করতে।
৬৯) ওদের
কর্মের জবাবদিহির দায়িত্ব তাদের নয় যারা সাবধানতা অবলম্বন করে, তবে উপদেশ দেয়া
তাদের কর্তব্য, যাতে ওরাও সাবধান হয়।
মর্মার্থঃ—অত্যাচারী
সম্প্রদায়ের কাজের জবাবদিহির দায়িত্ব সাবধানী বা জ্ঞানীদের নয়, কেবল জ্ঞানীরা
উপদেশ দিতে পারে অত্যাচারী ও সন্ত্রাসবাদী মন থেকে মুক্ত হয়ে উদার হবার জন্য।
৭০) যারা
তাদের ধর্মকে ক্রীড়াকৌতুকরূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করে,
তুমি তাদের সঙ্গ বর্জন কর এবং এ (কুরআন) দ্বারা তাদের উপদেশ দাও, যাতে কেউ নিজ
কৃতকর্মের জন্য ধ্বংস না হয়, যখন আল্লাহ্ ব্যতীত তার কোন অভিভাবক ও সুপারিশকারী
থাকবে না এবং বিনিময়ে সব কিছু দিলেও তা গৃহীত হবে না, এরাই কৃতকর্মের জন্য ধ্বংস
হবে, অবিশ্বাস করার কারণে এদের জন্য রয়েছে অত্যন্ত গরম পানীয় ও যন্ত্রণাদায়ক
শাস্তি।
মর্মার্থঃ—যারা
নিজেদের জীবনসত্যকে বা ধর্মকে ক্রীড়াকৌতুক মনে করে তাদের থেকে দূরে সরে থাকাই
জ্ঞানীদের উচিত। এই সব লোককে আলোর পথের সন্ধান দাও, তাদের ইচ্ছা হলে নিশ্চয় তারা
নিজেদের স্বভাবের পরিবর্তন ঘটাবে। তা না হলে এরাই নরক পরিপূর্ণ করবে, এদের জন্য
আছে যন্ত্রণাদায়ক শাস্তি।
জয়
বিশ্বমানব শিক্ষা ও পবিত্র কুরআনের আলোর জয়।

No comments:
Post a Comment