[ শ্রীগীতাতে
ভগবান শ্রীকৃষ্ণ অর্জ্জুনকে বলছেন—নিখিল বিশ্বজগতের আদিতে আমি, মধ্যেও আমি, অন্তেও
আমি। আমা হতেই উৎপত্তি, আমাতেই স্থিতি, আমাতেই বিরতি। আমি আরম্ভ, আমি আধার, আমি
আশ্রয়। এত বড় ব্যাপক আমাকে চিন্তা করা তোমার পক্ষে কঠিন বটে—শুধু কঠিন নহে—ভূমাকে
ভাবনা করা অসম্ভবই। সুতরাং আমার যে বিশেষ বিশেষ ‘বিভূতি’ বা প্রকাশরূপ তাই বলি।
বিভূতির মধ্যে আমার ব্যাপনশীলতা হারিয়ে যাবে এরূপ মনে করিও না। ছোটোর মধ্যেও আমি
বড়, অংশের মধ্যেও আমি পূর্ণ, ভাগের মধ্যেও আমি অবিভক্ত। ভগবান শ্রীকৃষ্ণের কথামতো
আমরা তাঁর বিভূতির পূজা করলেও তাঁকেই পূজা করা হয়। তাই সনাতন ধর্ম্মে সর্ব্বভূতেই
ঈশ্বর আছেন, এই চিন্তা করেই সকলকেই ঈশ্বর জ্ঞানে বিধানমতে পূজা করা হয়ে থাকে।
হিন্দুধর্মের সকল দেবদেবতা, সাগর, গঙ্গা, হিমালয়, পাহাড় – পর্বত- বটগাছ থেকে সিংহ,
হাতী সকলের মধ্যেই ঈশ্বরের পূর্ণরূপের পূজা হয়ে থাকে। আজকে বিভুতি যোগের ২২ থেকে
৩৩ শ্লোক সকলকে শ্রদ্ধার সহিত পাঠ করার জন্য প্রদত্ত করা হলো।]
২২) আমি বেদ
সমূহের মধ্যে সামবেদ, দেবগণের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয় সকলের মধ্যে মন এবং
প্রাণীগণের মধ্যে আমি চেতনা স্বরূপে বিদ্যমান।
২৩) আমি একাদশ
রুদ্রের মধ্যে শঙ্কর, যক্ষ ও রাক্ষসগণের মধ্যে কুবের, অষ্ট বসুর মধ্যে অগ্নি এবং
পর্ব্বতের মধ্যে সুমেরু।
২৪) হে পার্থ,
পুরোহিতগণের মধ্যে আমাকে দেবগুরু বৃহস্পতি জেনো। আমি সেনানায়কদের মধ্যে দেবসেনাপতি
কার্ত্তিকেয় এবং জলাশয় সমূহের মধ্যে সমূদ্র।
২৫) মহর্ষিদের
মধ্যে আমি ভৃগু, পদসমূহের মধ্যে আমি ব্রহ্মবাচক একাক্ষর ওঙ্কার, যজ্ঞসমূহের মধ্যে
আমি জপযজ্ঞ এবং স্থাবর পদার্থ সমূহের মধ্যে আমি হিমালয়।
২৬) আমি সমস্ত
বৃক্ষের মধ্যে অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে নারদ, গন্ধর্ব্বদের মধ্যে চিত্ররথ এবং
সিদ্ধগণের মধ্যে কপিল মুনি।
২৭) আমাকে
অশ্বগণের মধ্যে উচ্চৈঃশ্রবা, অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন কালে উৎপন্ন
হস্তীসমূহের মধ্যে ঐরাবত এবং মানুষের মধ্যে রাজা বলে জানবে।
২৮) আমি অস্ত্র
সমূহের মধ্যে বজ্র, গাভীদের মধ্যে কামধেনু, লোকসৃষ্টির কারণ শক্তি কামদেব এবং সর্পগণের
মধ্যে বাসুকী।
২৯) আমি নাগগণের
মধ্যে অনন্ত, জলচর প্রাণিগণের মধ্যে বরুণ, পিতৃগণের মধ্যে অর্য্যমা এবং লোক
নিয়ন্ত্রণকারীদের মধ্যে যম।
৩০) আমি
দৈত্যগণের মধ্যে প্রহ্লাদ, গণনাকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং
আমি বিনতানন্দন গরুড়।
৩১) বেগবানদিগের
মধ্যে আমি পবন, শস্ত্রধারিগণের মধ্যে আমি রাম, মৎস্যগনের মধ্যে আমি মকর এবং নদী
সমূহের মধ্যে আমি গঙ্গা।
৩২) হে অর্জ্জুন,
আমি সৃষ্ট বস্তুসমূহের আদি, মধ্য ও অন্ত। আমি বিদ্যাসমূহের মধ্যে ব্রহ্মবিদ্যা এবং
তত্ত্ব নির্ণয়ের জন্য তর্ক পদ্ধতির মধ্যে আমি বাদ নামক কথা বিশেষ।
৩৩) অক্ষর সমূহের
মধ্যে আমি অকার, সমাস সমূহের মধ্যে দ্বন্ধ সমাস। আমি অক্ষয় কাল এবং সকল কর্ম্মের
মধ্যে ফলদাতা ঈশ্বর।
[ জয় শ্রীভগবান
শ্রীকৃষ্ণের গীতামাতার জয়। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়। জয় বেদমাতা,
বিশ্বমাতা ও ভারতমাতার জয়।]

No comments:
Post a Comment