Monday, 1 October 2018

কুরআন সুরা--৬ আন'আম-- ১৫১ থেকে ১৫৫ আয়াত

     বিশ্বমানব শিক্ষায় পবিত্র কুরআনের আলো। [ সুরা—৬ আন’আম—১৫১ থেকে ১৫৫ আয়াত।]
   ১৫১) বল, এস, তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদের পড়ে শোনাই। তা এই, তোমরা তাঁর কোন শরিক করবে না, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে, দারিদ্র্যের জন্য তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না, আমিই তোমাদের ও তাদের জীবিকা দিয়ে থাকি। প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অশ্লীল আচরণের নিকটবর্তীও হয়ো না। আল্লাহ্‌ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতীত তাকে হত্যা করো না। তোমাদেরকে তিনি এ নির্দেশ দিয়েছেন যেন তোমরা অনুধাবন কর।
     মর্মার্থঃ—দারিদ্রতা মহান, জ্ঞানী ও উদারদের জন্য অভিশাপ নয়, এই দারিদ্রতা হল তাদের অহং শূন্য হয়ে থাকার এক বিশেষ গুণ। মহান, জ্ঞানী ও উদার মানুষদের জন্যই আল্লাহ্‌র উপদেশ। বাকীদেরকে যতই উপদেশ দেওয়া হোক না কেন তারা নিজেদের স্বভাবের পরিবর্তন ঘটাবে না।
      ১৫২) পিতৃহীন বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সৎ উদ্দেশ্য ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হয়ো না এবং পরিমাণ ও ওজন ন্যায্যভাবে দেবে, আমি কাউকেও তার সাধ্যাতীত ভার অর্পণ করি না, আর যখন তোমরা কথা বলবে তখন স্বজনের বিরুদ্ধে হলেও নায্য বলবে এবং আল্লাহ্‌কে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করবে, এভাবে আল্লাহ্‌ তোমাদের নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ কর।
     মর্মার্থঃ—একমাত্র মানী ব্যক্তিরাই ওজনের মর্যাদা বুঝে মানুষকে যথাযোগ্য স্থান দিয়ে থাকে।
     ১৫৩) নিশ্চয় এটি আমার সরল পথ। সুতরাং এরই অনুসরণ করবে এবং ভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে তাঁর পথ হতে বিচ্ছিন্ন করবে। এভাবে আল্লাহ্‌ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা সাবধান হও।
     মর্মার্থঃ—একমাত্র আল্লাহ্‌র নির্দেশিত পথই হলো মানুষের জন্য সহজ সরল পথ। তাঁর নির্দেশিত পথ ত্যাগ করলেই মানুষ দিশেহারা হয়ে সৎ পথ হারিয়ে ফেলবে।
    ১৫৪) মুসাকে কিতাব দিয়েছিলাম যা সৎ কর্মপরায়ণের জন্য সম্পূর্ণ, যা সমস্ত কিছুর বিশদ বিবরণ, পথনির্দেশ এবং দয়াস্বরূপ অতঃপর যাতে তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎ সম্বন্ধে বিশ্বাস করে।
       মর্মার্থঃ—যুগে যুগে মানুষের জন্য ঐশীগ্রন্থ অবতীর্ণ হয়ে চলেছে মুসাদের ন্যায় সৎ কর্মশীল মহানদের মাধ্যমে, কেবল মাত্র মানুষকে পরাশান্তির জগতে নিয়ে যাবার জন্য।
     ১৫৫) এ কিতাব (কুরআন) আমি অবতারণ করেছি যা কল্যাণময়; সুতরাং ওর অনুকরণ কর এবং সাবধান হও, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে।
   মর্মার্থঃ—এই কুরআন হচ্ছে আলো। যারা অন্ধকারে রয়েছে তাদেরকে পথ দেখাবার জন্য।
       জয় বিশ্বমানব শিক্ষা ও পবিত্র কুরআনের আলোর জয়।  

No comments:

Post a Comment