Tuesday, 2 October 2018

কুরআন সুরা-- ৬ আন'আম-- ১৫৬ থেকে ১৬০ আয়াত

বিশ্বমানব শিক্ষায় পবিত্র কুরআনের আলো। [ সুরা—৬ আন’আম—১৫৬ থেকে ১৬০ আয়াত।]
   ১৫৬) যেন তোমরা না বলতে পার যে, কিতাব তো শুধু আমাদের পূর্বে দুই সম্প্রদায়ের প্রতিই অবতীর্ণ হয়েছিল। আমরা তাদের পঠন- পাঠন সম্বন্ধে তো অজ্ঞই ছিলাম।
       মর্মার্থঃ—যাতে কোন অজ্ঞ ও জ্ঞানী সম্প্রদায়ের মানুষ বলতে না পারে যে ঐশী কিতাবের আলো তারা পায় নি। তাই একটা কিতাবের আলো নিষ্প্রভ হলেই অনুরূপ আর একটি কিতাব অবতীর্ণ হয় এই দুই সম্প্রদায়ের মানুষের অবগতির জন্য।
     ১৫৭) কিংবা যেন তোমরা না বলতে পার যে, যদি কিতাব আমাদের প্রতি অবতীর্ণ  হত তবে আমরা তো তাদের অপেক্ষা উৎকৃষ্টতর পথ পেতাম। এখন তো তোমাদের প্রতিপালকের নিকট হতে স্পষ্ট প্রমাণ, পথ নির্দেশ ও দয়া এসেছে। অতঃপর যে কেউ আল্লাহ্‌র নিদর্শনকে প্রত্যাখ্যান করবে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে তার চেয়ে বড় যালিম আর কে? যারা আমার নিদর্শনসমুহ হতে মুখ ফিরিয়ে নেয়, তাদের এ আচরণের জন্য আমি তাদেরকে নিকৃষ্ট শাস্তি দেব।
      মর্মার্থঃ—আল্লাহ্‌র নিদর্শন সদায় মানুষের সাথে থাকে, তা মানুষকে নিজের জ্ঞান চক্ষু দিয়ে দেখতে হয়। যতক্ষণ না মানুষ নিজের অন্তরের অদৃশ্যশক্তির প্রতি পূর্ণ বিশ্বাস না আনতে পারবে ততক্ষণ কিছুতেই অন্তরের অবিশ্বাস দূর হবে না।
        ১৫৮) তারা শুধু এরই প্রতীক্ষা করে যে, তাদের নিকট ফিরিশতা আসবে, কিংবা তোমার প্রতিপালক আসবেন, কিংবা তোমার প্রতিপালকের কোন নিদর্শন আসবে, সেদিন যে ব্যক্তি পূর্বে বিশ্বাস করেনি তার বিশ্বাস কোন কাজে আসবে না। কিংবা যার বিশ্বাস কল্যাণপ্রসূ ছিল না তার সৎকর্মও কোন কাজে আসবে না। বল, প্রতীক্ষা কর, আমিও প্রতীক্ষা করছি।
     মর্মার্থঃ—কেউ যদি মনে করে তাকে কোন অদৃশ্যশক্তি সৎপথে নিয়ে যাবেন সৎকাজ না করেই তবে তাকে অপেক্ষায় করতে হবে, তার জীবনে আর কোনকালে সেই সুযোগ আসবে না।
     ১৫৯) অবশ্য যারা ধর্ম সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোন কাজের দায়িত্ব তোমার নেই, তাদের বিষয় আল্লাহ্‌র এখতিয়ারভুক্ত। আল্লাহ্‌ তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদেরকে অবহিত করবেন।
   মর্মার্থঃ—যারা বিভিন্ন ধর্মমতের সৃষ্টি করেছে তাদের সান্নিধ্য ত্যাগ করায় উত্তম।
      ১৬০) কেউ কোন সৎ কাজ করলে সে তার দশগুণ পাবে এবং কেউ কোন অসৎ কাজ করলে তাকে শুধু তারই প্রতিফল দেয়া হবে, আর তারা অত্যাচারিতও হবে না।
    মর্মার্থঃ—কেউ কোন সৎ কর্ম করলে কোন অহংকার করতে হয় না, নিজের কর্মের কথা প্রচার করে। একমাত্র আল্লাহ্‌ যাকে তাঁর প্রিয় মনে করেন তাকেই দিয়ে তাঁর কর্ম করান।
         জয় বিশ্বমানব শিক্ষা ও পবিত্র কুরআনের আলোর জয়।

No comments:

Post a Comment