বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৯/ ০৪/ ২০১৭
স্থানঃ-ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ- [ বেদ যজ্ঞ করবে বুদ্ধিমান হয়ে, এই যজ্ঞ করাকালীন
নারীদের অপমান করবে না, তাঁদের চাটুকথায় বিশ্বাস করবে না এবং তাঁদের ঈর্ষা বা তিরস্কারও করবে না, তাহলেই
সংকল্পে দৃঢ় থেকে নির্বিঘ্নে যজ্ঞ সম্পন্ন করতে পারবে।]
চন্দ্র, সূর্য, অগ্নি, জল, বায়ু এবং পূজনীয়
ব্যক্তিদের সামনে রেখে সঙ্কল্প করে বেদ যজ্ঞ শুরু করবে উত্তম গতি লাভ করার লক্ষ্যে
এগিয়ে যাবার জন্য। এই যজ্ঞ করতে গিয়ে কখনও নারীদের অপমান করবে না, তাঁদের বিশ্বাস
চাটুকথায় করবে না এবং তাঁদের ঈর্ষা বা
তিরস্কারও করতে যাবে না। ঘুম থেকে উঠা, শোওয়া, স্নান করা, বসা, ব্যায়াম করা
ইত্যাদি কাজে বেশী সময় ব্যয় করতে যাবে না। নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে উত্তম অথবা
অধম ব্যক্তিদের সঙ্গে বিরোধ এড়িয়ে নিজের যজ্ঞ ক্রিয়া চালিয়ে যাবে। প্রাজ্ঞ পুরুষ এই যজ্ঞভূমিতে এসে
কেবল যজ্ঞই করেন, কোনোরূপ কলহকে ইন্ধন দেন না এবং বৃথা শত্রুতা বৃদ্ধি করতে যান
না। অল্প ক্ষতি সহ্য করে নিয়েও শত্রু মুক্ত জীবন যাপন করাই বুদ্ধিমানের কাজ।
শত্রুতায় যদি কিছু লাভও হয়, তবুও তা ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ ও ধর্ম। বেদযজ্ঞ
করে সকলের হিত, মিত ও প্রিয়ভাষণ দিয়ে যাবে নিঃস্বার্থভাবে কেবল নিজের বিদ্বান ও
কুলীন সত্তাকে জাগ্রত করে ধরে রাখার জন্য। তাহলেই দেখবে নিজের ঘুমন্ত সত্তা
বুদ্ধিমান, বিনয়ী, লজ্জাবান, ক্ষমাশীল, আস্তিক ইত্যাদি মানবিক গুণ নিয়ে জেগে উঠবে।
যে ব্যক্তি বেদযজ্ঞপরায়ণ, বিদ্যা বিনয়সম্পন্ন, সদাচারী প্রাজ্ঞ পুরুষ পাপীর প্রতি
পাপপূর্ণ ব্যবহার করেন না, কুটিল ব্যক্তির সঙ্গে প্রিয় ভাষণ করেন এবং যার হৃদয়
মৈত্রীতে দ্রবীভূত থাকে, মুক্তি তাঁর হস্তগত থাকে। যে অনাসক্ত মহাপুরুষ কখনও কাম-
ক্রোধ ও লোভের বশীভূত হন না এবং সর্বদা সদাচারে অবস্থান করেন, তাঁর প্রভাবেই
পৃথিবী টিকে থাকে। ওঁ নমো ভগবতে বাসুদেবায়।।

No comments:
Post a Comment